রাশিয়ায় নিজেদের কারখানা বিক্রি করবে হুন্দাই

২০ অক্টোবর, ২০২২ ০৮:৪১  
ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের জেরে রাশিয়াতে নিজেদের ব্যবসায় কার্যক্রম বন্ধ রেখেছে হুন্দাই মোটর কোম্পানি। তবে এর বিকল্পও বিবেচনা করছে দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। বিকল্পের অংশ হিসেবে রাশিয়াতে নিজেদের কারখানা বিক্রির পরিকল্পনা করছে তারা। খবর রয়টার্স। যুদ্ধের পরিপ্রেক্ষিতে অনেক পশ্চিমা ও জাপানি প্রতিষ্ঠান রাশিয়ার কার্যক্রম বিক্রি করে দিয়েছে। এবার হুন্দাই মোটর সম্প্রতি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে রাশিয়ার কঠিন পরিচালন পরিবেশের কারণে সৃষ্ট ভবিষ্যৎ সম্ভাবনা বিশ্লেষণ করে একটি প্রতিবেদন জমা দিয়েছে। এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে কোনো সাড়া দেয়নি হুন্দাই মোটর। অঙ্গপ্রতিষ্ঠান কিয়া করপোরেশনসহ হুন্দাই মোটর বিক্রির দিক থেকে বিশ্বের শীর্ষ ১০ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের একটি। সংস্থাটি রাশিয়ায় প্রতি বছর প্রায় দুই লাখ ইউনিট গাড়ি তৈরি করে, যা সংস্থাটির বৈশ্বিক উৎপাদনের প্রায় ৪ শতাংশ। ডিবিটেক/বিএমটি